বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বাংলাপ্রেস ডেস্ক: শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়ার প্রত্যাশায় মূল্যবান ধাতুর বাজারে চাপ বেড়েছে। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
এদিন বাংলাদেশ সময় বেলা ১২টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৭ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৯দশমিক ৫০ ডলারে নেমেছে।
আর্থিক সেবা প্রতিষ্ঠান ওয়ান্ডা’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দামের এই নিম্নমুখী প্রবণতা মূলত বাজারের মনস্তাত্ত্বিক এবং টেকনিক্যাল কারণে তৈরি হয়েছে। ফেড কর্মকর্তাদের কঠোর অবস্থানের পুনর্ব্যক্তকরণ এবং মার্কিন ট্রেজারি ইয়েল্ড বেড়ে যাওয়ার ফলে ডলার আরও শক্তিশালী হয়েছে।’
সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ স্বর্ণের ‘সুযোগ ব্যয়’ বেড়ে যায়। এতে করে বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ হ্রাস পায়। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার এক নোটে উল্লেখ করেন, ‘স্বর্ণকে আবারও একটি লিকুইডিটি অ্যাসেট হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাজারের অস্থিরতা সামাল দিতে এবং অন্য খাতে মূলধন জোগান দিতে বিনিয়োগকারীরা স্বর্ণ ধরে রাখা কমিয়ে দিচ্ছেন।’
অন্যদিকে, রুপার দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৬ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৪০৩ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ শতাংশ কমে ৯৫১ দশমিক ৮৩ ডলারে নেমে এসেছে।
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি