চীনের ওপর নির্ভরতা কমাতে ভারতে তৈরি হচ্ছে বিশাল বোরিং মেশিন
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: অবকাঠামো উন্নয়নে বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমাতে এবার টানেল খননের অত্যাধুনিক যন্ত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ্ঠান বিএমএল (বিইএমএল) এ প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রাথমিকভাবে ছোট আকারের টানেল বোরিং মেশিন (টিবিএম) তৈরিতে মনোযোগ দিলেও পরবর্তীতে বড় আকারের ও জটিল প্রযুক্তির যন্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এসব যন্ত্র মেট্রোরেল, জলবিদ্যুৎ, সেচ ও পানি সরবরাহ প্রকল্পে ব্যবহার করা হয়। এ উদ্যোগের বিষয়ে বিইএমএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শান্তনু রায় জানান, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে নিজেদের সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও চলছে।
ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, প্রথম পর্যায়ে ৩ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ মিটার ব্যাসের টানেল বোরিং মেশিন তৈরির পরিকল্পনা করেছে বিইএমএল। শহুরে গণপরিবহন ও বিভিন্ন অবকাঠামো প্রকল্পে এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। শুরুতেই সবচেয়ে বড় ও জটিল প্রযুক্তির যন্ত্র তৈরির ঝুঁকি নিতে চায় না প্রতিষ্ঠানটি।
এদিকে চীনের কয়েক ধরনের নির্মাণ সরঞ্জাম রপ্তানিতে নিয়ন্ত্রণের বিষয়টি ভারতের বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতার চিত্র সামনে এসেছে।
তবে শান্তনু রায় জানিয়েছেন, চীনের সাম্প্রতিক পদক্ষেপের আগেই তাদের এ পরিকল্পনা নেওয়া হয়েছিল।
বিইএমএলের পরিকল্পনা শুধু বিদেশি যন্ত্রাংশ এনে সংযোজন করা নয়। নিজস্ব প্রযুক্তিতে পুরো যন্ত্র তৈরির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। শান্তনু রায় বলেন, প্রযুক্তিটি হবে সম্পূর্ণ দেশীয় এবং এর মেধাস্বত্বও ভারতের থাকবে। তবে এ উদ্যোগ কতটা বাণিজ্যিকভাবে সফল হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এর আগে চীনের ওপর নির্ভরতা কমাতে বিরল মৃত্তিকা থেকে তৈরি চুম্বক উৎপাদনে বড় কর্মসূচি নিয়েছিল ভারত। ৭২৮ কোটি নয়, বরং ৭২৮০ কোটি রুপি (প্রায় ৮২০ কোটি ডলার) বরাদ্দের ওই কর্মসূচির লক্ষ্য ছিল বছরে ছয় হাজার টন স্থায়ী চুম্বক উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা। কিন্তু ভারী শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় শিল্প অবকাঠামোর অভাবে চলতি বছরের জুলাই পর্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন নিওডিমিয়াম চুম্বকের পুরোটাই আমদানি করতে হয়েছে দেশটিকে।
সৌরবিদ্যুৎ খাতেও একই ধরনের নির্ভরতা রয়েছে। ভারত বিশ্বের অন্যতম বড় সৌর প্যানেল উৎপাদনশিল্প গড়ে তুললেও গুরুত্বপূর্ণ কাঁচামাল ও যন্ত্রপাতির জন্য এখনো আমদানির ওপর নির্ভরশীল।
এদিকে ভারতে টানেল নির্মাণের বাজার দ্রুত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা দেখছে বিইএমএল। দেশটির সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে টানেল নির্মাণ প্রকল্পে ৯৬০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের লক্ষ্য রয়েছে। পাশাপাশি নির্মাণ সরঞ্জামের দেশীয় উৎপাদন বাড়াতে নীতিনির্ধারকেরাও উৎসাহ দিচ্ছেন।
ব্লুমবার্গ বলছে, চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে কৌশলগত সড়ক ও রেলপথ নির্মাণও এ খাতে চাহিদা বাড়াচ্ছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এসব প্রকল্পে ব্যাপক টানেল নির্মাণের প্রয়োজন হচ্ছে। শান্তনু রায়ের তথ্যমতে, আগামী সাত থেকে আট বছরে ভারতের টানেল বোরিং মেশিনের বাজার বছরে প্রায় ১২ শতাংশ হারে বাড়তে পারে। বৈশ্বিক বাজারের প্রবৃদ্ধির তুলনায় এ হার প্রায় দ্বিগুণ।
তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো নির্মাণকাজের কার্যাদেশ পাওয়ার পর প্রথম যন্ত্র সরবরাহ করতে বিইএমএলের প্রায় ২২ মাস সময় লাগতে পারে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, ধাপে ধাপে আরো উন্নত প্রযুক্তির যন্ত্র তৈরির দিকে এগোবেন তারা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি