১১ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ প্রণালি—এমন ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান।

একই সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সামনে সাত দফা শর্ত তুলে ধরেছে ইরান। এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন গালিবাফ।

বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ বাঘের গালিবাফ এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি হরমুজ প্রণালির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কা নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, আট মাসের সংঘাত অবসানে তেহরানের দেয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

গালিবাফ বলেন, ‘ওখানে কোনো ‘উন্মুক্ত জলসীমা’ (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির ভেতরের নিয়মকানুন নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী।’

ইরানের পার্লামেন্টের এই স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। শান্তি আলোচনা শুরুর জন্য ইরানের সাতটি শর্তও জানানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের প্রধান আলোচকের তুলে ধরা শর্তগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের অবসান হয়েছে বলে স্পষ্ট ঘোষণা দেয়ার বিষয়ও রয়েছে।

গালিবাফ বলেন, এসব দাবি গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এগুলো বাস্তবায়ন করা জরুরি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে কিংবা অবিশ্বাস তৈরির মতো আচরণ না করে আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

গালিবাফ জানান, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতা করতে অনুরোধ করেছিলেন মার্কিন কর্মকর্তারা। মস্কো সফরের সময় তাকে এ অনুরোধ জানানো হয়।

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার বিষয়ে সতর্ক করে গালিবাফ বলেন, এমন কিছু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও তাকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে।

তিনি বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ ইরান। এ জন্য সামরিক সক্ষমতাসহ দীর্ঘস্থায়ী প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুতিদের মধ্যে চলমান লড়াই নিয়েও কথা বলেন গালিবাফ। আনসারুল্লাহ (আরবি ভাষায় যার অর্থ ‘আল্লাহর সমর্থক’) নামেও পরিচিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিষয়ে তিনি বলেন, ‘এতে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’

তিনি বলেন, ‘ইয়েমেনের সরকার ও সৌদি আরব—উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের সংঘাত নিরসনে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।’

এর আগে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর গত অক্টোবরে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে আলোচনায় সহায়তার প্রস্তাব দিয়েছিল ইরান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি