৩ এপ্রিল ২০২৬

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পিএম
দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে—তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন লুট করা হয়েছিল।’

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে—ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা।’

তিনি বলেন, ‘৭১ সাল মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল মনে আছে? কেন যেতে হয়েছিল?—কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম এবং দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীনটা আমরা করেছি অন্য কেউ করে দিয়ে যায়নি। আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যায়নি, কোথাও যাবোও না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘হিন্দুদের মধ্যে একটা ভয় আছে ভয়, একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দেই তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে— আমরা ভোট দিলাম ধানের শীষে, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না। তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে?’

ফখরুল বলেন, ‘আমি আপনাদের পরিস্কার করে বলতে চাই—আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো, ইনশাআল্লাহ।’

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সুযোগ এসেছে এবার যেন সঠিক সিদ্ধান্ত নেই। ধানের শীষে ভোট দেই। ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি—তাদের হাতকে শক্তিশালী করুন।’

এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি