১৩ জুলাই ২০২৬

বন্যা পরিস্থিতি

এইচএসসি পরীক্ষা স্থগিত চেয়ে ছাত্রদলের দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
এইচএসসি পরীক্ষা স্থগিত চেয়ে ছাত্রদলের দাবি

বাংলাপ্রেস ডেস্ক:  বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে দেশজুড়ে চলা এইচএসসি ও সমমানের পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ছাত্রদল।

সোমবার (১৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ছাত্রছাত্রী ও অভিভাবক সমাজের উদ্বেগ নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি ও সহমর্মিতাপূর্ণ পদক্ষেপ প্রত্যাশা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, অতি বর্ষণ, সাতটি জেলায় পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় লাখ লাখ পরীক্ষার্থীর প্রস্তুতি ব্যাহত হয়েছে। সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি, মানসিক ও মানবিক বিপর্যয় এবং চরম যাতায়াত প্রতিকূলতার কথা বিবেচনা করে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা প্রয়োজন।  

সংবাদমাধ্যমগুলোর খবরের বরাতে বিবৃতিতে বলা হয়, সাতটি জেলায় বন্যায় ইতোমধ্যে ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবার সম্পূর্ণ পানিবন্দি হয়ে পড়েছে। ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি উপদ্রুত এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের পক্ষে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

ছাত্রদল বলছে, এ অবস্থায় পরীক্ষা সাময়িক পিছিয়ে দিলে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা ও স্বস্তি হবে। লাখ লাখ মানুষ বিপর্যস্ত থাকায় অসংখ্য শিক্ষার্থীর বইখাতা ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় পরীক্ষায় বসলে বন্যা উপদ্রুত এলাকার শিক্ষার্থীরা মানসিকভাবে পিছিয়ে পড়বে, যা তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত বর্তমান জনবান্ধব সরকার ও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করে। তাই পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরবর্তীতে নতুন সময়সূচী অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

এছাড়া বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে মানবিক সহায়তা ও স্থানীয় প্রশাসনের পাশে থেকে দুর্যোগ মোকাবিলায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি