এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন। রাজধানী মাদ্রিদের দক্ষিণে উরদা শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছয় দিন পর তিনি এ সিদ্ধান্ত নেন। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৯ জন, আহত হয়েছেন আরও অনেকে। গত বুধবার চলন্ত একটি দ্রুতগতির ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
কংগ্রেসে দীর্ঘ সময় ধরে শুনানির মুখোমুখি হওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন পুয়েন্তে। তিনি বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে স্পেনে দুটি প্রাণঘাতী রেল দুর্ঘটনার পর পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা তার পক্ষে সম্ভব নয়। এ সময় গত জানুয়ারিতে একই রেলপথে ঘটে যাওয়া আরেকটি দুর্ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। ওই ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।
সাম্প্রতিক দুর্ঘটনাটি ইউরোপের আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৩ সালের পর এটিই স্পেনে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।
বিরোধীদের তীব্র চাপ এবং সরকারের কিছু মিত্রের দাবির মুখে পুয়েন্তেকে এই পদত্যাগ করতে হলো। রক্ষণশীল পিপলস পার্টি (পিপিপি) এবং ফার্স্ট-রাইট দল বক্স তার পদত্যাগ দাবি করেছিল। সমালোচকরা বলছেন, মন্ত্রী মানুষের ভুলের ওপর দোষ চাপিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে চেয়েছেন। এই পদত্যাগের ফলে আগামী ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনের আগে সোশালিস্ট নেতৃত্বাধীন সরকারের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি