১৬ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ: সভায় যেসব সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ এএম
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ: সভায় যেসব সিদ্ধান্ত

বাংলাপ্রেস ডেস্ক:  বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণ বিষয়ে আহ্বান করা বৈঠকটি শেষ হয়েছে। সভায় আগে থেকে প্রস্তুত করা খসড়া নীতিমালাটিকেই চূড়ান্ত করার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। তবে জানা গেছে, চূড়ান্ত করার আগে নীতিমালাটির ভাষাগত কাঠামোতে সামান্য কিছু পরিমার্জন বা পরিবর্তন আনা হবে।

সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নীতিমালা চূড়ান্ত করার পূর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনের উপস্থিতিতে আরেকটি সভা হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, খসড়া নীতিমালায় মেজর কোনো পরিবর্তন আসবে না। শুধু ভাষাগত কিছু বিষয়ে পরিবর্তন আসবে। ভাষাগত বিষয়গুলো ঠিক করে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টাকে নিয়ে আরেকটি সভা হবে। এরপর নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

জাতীয়করণের খসড়া নীতিমালায় যা আছে:  প্রস্তুতকৃত খসড়া নীতিমালায় বলা হয়েছে, ‘সরকার জনস্বার্থে, স্থানীয় প্রয়োজন, শিক্ষার উন্নয়নের স্বার্থে এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে দেশের যে কোন স্থানে অবস্থিত যে কোন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্বে সংশ্লিষ্ট সংস্থা/প্রতিষ্ঠানের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে সরকার প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করবে।’

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা মহাবিদ্যালয়ের নিজস্ব দখল ও মালিকানায় অবস্থিত খেলার মাঠসহ ন্যূনতম ২ (দুই) একর শর্তমুক্ত অখণ্ড নিষ্কণ্টক উপযুক্ত জমি থাকতে হবে। উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণিতে ন্যূনতম ৫৫ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলার সদর উপজেলার ক্ষেত্রে শ্রেণি প্রতি ন্যূনতম ১২০ জন শিক্ষার্থী থাকতে হবে।

উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিকের ক্ষেত্রে উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শ্রেণিতে ৮০ জন করে শিক্ষার্থী থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতি বিভাগে ন্যূনতম ১২০ জন, সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেণি প্রতি ন্যূনতম ১২০ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতি বিভাগে ন্যূনতম ২০০ জন শিক্ষার্থী থাকতে হবে।

মহাবিদ্যালয়ের (স্নাতক) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতি বিভাগে ন্যূনতম ১২০ জন, স্নাতক পর্যায়ে প্রতি বিভাগে ন্যূনতম ১৬০, সদর উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতি বিভাগে ন্যূনতম ২০০ জন, এবং স্নাতকে প্রতি বিভাগে ন্যূনতম ২৮০ জন শিক্ষার্থী থাকতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফলাফল মূল্যায়নের বিষয়টি স্থান পেয়েছে। খসড়া নীতিমালার তথ্য বলছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সব পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কমপক্ষে ৯০ শতাংশ অংশ গ্রহণ করতে হবে। মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণের ন্যূনতম হার ৯০ শতাংশ হতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) ৭০ শতাংশ পাসের হার থাকতে হবে। এ ছাড়া বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলের গড়ও দেখা হবে।  

খসড়া নীতিমালায় বলা হয়েছে, যে সব উপজেলায় কোন সমপর্যায়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই সেখানে অন্যান্য সকল শর্ত পূরণ সাপেক্ষে উপজেলা সদর থেকে ন্যূনতম দূরত্বে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের লক্ষ্যে অগ্রাধিকার দেয়া হবে। অন্যদিকে যে সকল উপজেলায় সমপর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানে জাতীয়করণের লক্ষ্যে দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া জাতীয়করণের লক্ষ্যে সহশিক্ষা চালু রয়েছে এরূপ প্রতিষ্ঠানকে প্রাধান্য দেয়া হবে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গ্রন্থাগার এবং কতগুলো বই থাকতে হবে সেটিও উল্লেখ করা হয়েছে খসড়া নীতিমালায়। নীতিমালার তথ্য বলছে,  মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ন্যূনতম দুই হাজার বই থাকতে হবে।   উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে গ্রন্থাগারে ন্যূনতম তিন হাজার এবং মহাবিদ্যালয়ের গ্রন্থাগারে ন্যূনতম পাঁচ হাজার বই থাকতে হবে।   

শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ (Assembly), বার্ষিক ক্রীড়া, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান, বৃক্ষরোপন, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার, বিএনসিসি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি কার্যক্রমে কার্যকর অংশগ্রহণ থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য মান সম্মত ল্যাব সুবিধা থাকতে হবে। 

অগ্রাধিকার

খসড়া নীতিমালায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ক্ষেত্রে সবার আগে সুযোগ পাবে। জানা গেছে, চর, হাওড় কিংবা প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত এলাকার পাশাপাশি যেসব অঞ্চল আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে আছে, দুর্বল, দুর্গম বা যেখানে শিক্ষার হার কম—সেখানকার প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বিশেষ গুরুত্ব পাবে।

পাশাপাশি যেসব এলাকায় জনসংখ্যার তুলনায় সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা কম, প্রতিষ্ঠান চালুর তারিখ, গত পাঁচ বছরের মোট শিক্ষার্থী ও পরীক্ষার ফলাফল এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও জাতীয়করণের বিবেচনায় এগিয়ে থাকবে। তবে শর্ত হলো, জাতীয়করণের জন্য নির্ধারিত নীতিমালা মেনে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি অবশ্যই সক্রিয় ও কার্যকর থাকতে হবে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি