এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
বাংলাপ্রেস ডেস্ক: চলমান এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস হওয়ার সংবাদকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে বাংলা প্রথম পত্রের (বিষয় কোড ১০১) প্রশ্ন ফাঁসের যে সংবাদটি ছড়িয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইতোমধ্যে সারা দেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর এ ধরনের সংবাদ প্রচারের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অহেতুক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, প্রশ্ন ফাঁসের এই অপপ্রচারটি মূলত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহলের গুজব। এই বিষয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো দফতরের কর্মকর্তা-কর্মচারীর কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
জনসাধারণকে এ ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে প্রশ্ন পাওয়ার আশায় কাউকে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার বা সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তাৎক্ষণিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ জরুরি নির্দেশনা
সঙ্গীত একাডেমি