১৯ আগস্ট ২০২৬

ফ্লাইওভারে উঠতে বিপাকে পিংক বাস, শেষে হাল ধরলেন পুরুষ চালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম
ফ্লাইওভারে উঠতে বিপাকে পিংক বাস, শেষে হাল ধরলেন পুরুষ চালক

 


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবা নিয়ে আলোচনা শুরু হয়েছে উদ্বোধনের পরদিনই। বুধবার (১৯ আগস্ট) শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়ে নারীদের পরিচালিত একটি দোতলা বাস। ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে না পেরে চালক ফাহিমা সানজান বাস থামিয়ে দিলে পরে একজন পুরুষ চালক এগিয়ে এসে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।

বুধবার দুপুরে শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওঠানোর চেষ্টা করেন চালক ফাহিমা সানজান। কিন্তু বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।

পরিস্থিতি জটিল হয়ে ওঠার আগেই বড় ধরনের যানজট কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে একজন পুরুষ চালকের সহায়তা নেওয়া হয়। পরে তিনি বাসটি চালিয়ে নিরাপদে ফ্লাইওভারের ওপর তুলে দেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে চালু করা হয় ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এই সেবায় বাস পরিচালনার দায়িত্বে রয়েছেন নারীরা। ব্যতিক্রমী এই উদ্যোগটি চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে।

তবে উদ্বোধনের পরদিনই ‘পিংক বাস’ সেবায় দেখা দিয়েছে যাত্রীসংকট। রাজধানীর অনেক নারী এখনো এই বাসের নির্ধারিত রুট সম্পর্কে জানেন না বলে জানা গেছে। ফলে বাস চলাচল করলেও অনেক ক্ষেত্রে যাত্রী পাওয়া যাচ্ছে খুবই কম।

বুধবার মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি বাসটিতে হাতে গোনা কয়েকজন যাত্রী ছিলেন। বাসটির ওপরের তলা ছিল পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত এই দুই যাত্রীই বাসে ছিলেন। পরে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন।

যাত্রী কম থাকায় বাসটি কয়েকটি নির্ধারিত পয়েন্টেও থামেনি। একই চিত্র দেখা গেছে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি ‘পিংক বাসে’। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। সেখানে উঠে দেখা যায়, বাসটিতে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।

একদিকে চালকের ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়া, অন্যদিকে উদ্বোধনের পরদিনই যাত্রীসংকট—সব মিলিয়ে নতুন এই ‘পিংক বাস’ সেবা নিয়ে রাজধানীতে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা, সময়ের সঙ্গে সঙ্গে রুট সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বাড়লে এই বিশেষ বাসসেবায় যাত্রীর সংখ্যাও বাড়বে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি