৩ এপ্রিল ২০২৬

গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ এএম
গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান

 

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের। গণতান্ত্রিক বাংলাদেশে এখন সবাই মুক্ত।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন এই কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, ‘জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই। নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দলের ধারণা এবং দৃষ্টিভঙ্গি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো থেকে আমরা শুরু করছি। আর কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। সরকার ও বিরোধীদলের অবদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। মত ও চিন্তা ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাই এক।’


তিনি আরও বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যেকোনো মূল্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, ইশতেহারও সেগুলো উল্লেখ করেছি। জুলাই সনদের প্রতিটি অঙ্গিকার আমরা বাস্তবায়ন করবো।


তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এমন মুহূর্তে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করেছে। তিনি দেশ ও জাতির স্বার্থে ছিলেন অটল ও অবিচল।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দেশ গঠনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শত উসকানির মুখেও দায়িত্বশীলতার মাধ্যমে শান্ত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। কোনো অপশক্তি যেন নির্বাচনের পর কোনো অপ্রিতিকর পরিস্থিতি তৈরি না করে, সেজন্য বিজয় মিছিল করতে নিষেধ করা হয়েছে।’

বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে কি না এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে কনভিন্স করাই হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং।’

এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা ঠিক করা, জননিরাপত্তা নিশ্চিত করা, সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ থেকে মুক্ত ও সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. জাহিদ হোসেন।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি