গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সবার অধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব নয়। বিচারব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে তার সুফল সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে ভোগ করবে।
শনিবার (১ আগস্ট) রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই আলোচনা। তিনি বলেন, আন্দোলনে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছিলেন এবং এর শুরু থেকেই অসাম্প্রদায়িক চরিত্র স্পষ্ট ছিল। তিনি দাবি করেন, ওই আন্দোলনে অন্তত নয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য শহীদ হয়েছেন।
সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার নামে আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক এবং অন্যদের সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করত। তিনি বলেন, সংখ্যালঘুদের কোনো একটি রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়; বরং সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকা প্রয়োজন। এতে তারা নিরাপত্তাহীনতার শিকার হবে না এবং কোনো দলের অপরাধের দায়ও তাদের বহন করতে হবে না।
জুলাই-পরবর্তী সম্প্রীতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে, তবে এমন পরিস্থিতি সৃষ্টি হোক তা কেউ চায় না। সংকটের সময়ে বিভাজনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে দাঁড়ানোর যে দৃষ্টান্ত জুলাইয়ে তৈরি হয়েছিল, সেটি ধরে রাখতে হবে। একই সঙ্গে অতীতে সংখ্যালঘুদের জমি দখল ও হামলার ঘটনাসহ সব অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি আবারও ফিরে আসছে এবং দেশে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত ছিল সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি