৫ জুলাই ২০২৬

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম
গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

বাংলাপ্রেস ডেস্ক: ‘জুলাই পদযাত্রা’ নিয়ে এবার গোপালগঞ্জ জেলায় যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবসে’ গোপালগঞ্জে দোয়া ও মোনাজাত করবেন এনসিপির স্থানীয় নেতা–কর্মীরা। তবে সেই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা যাবেন না। এ ক্ষেত্রে তাদের মূল বিবেচনা ‘নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয়’।

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচির অংশ হিসেবে এনসিপির ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ শুরু হতে যাচ্ছে সোমবার (৬ জুলাই)। পদযাত্রা নিয়ে গত বছরের মতো এবারও ১৬ জুলাই গোপালগঞ্জে যাওয়ার কথা বলেছিল এনসিপি। তবে গতকাল শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

গতকাল সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এনসিপির জুলাই পদযাত্রার রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা প্রথম ধাপে যেসব উপজেলা-পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছি, সেগুলোতে গোপালগঞ্জেরও একটি পৌরসভা রয়েছে। জুলাই পদযাত্রায় আমরা ৬৪ জেলাতেই যাচ্ছি, ৬৪ জেলার সেই ১০০ উপজেলা-পৌরসভায় যাচ্ছি।’

সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের পদযাত্রার যে সূচি দেয়া হয়, সেখানে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কথা লেখা ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হয়। তবে ঘণ্টাখানেকের মধ্যেই কর্মসূচির একটি সংশোধিত তালিকা গণমাধ্যমে পাঠায় এনসিপি। মূলত গোপালগঞ্জের কর্মসূচিটি সেখানে বাদ দেয়া হয়। এই বাদ দেয়া নিয়েও ফেসবুকে পক্ষে–বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে। তবে এনসিপি আনুষ্ঠানিকভাবে এর কারণ স্পষ্ট করেনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি