‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!
বাংলাপ্রেস ডেস্ক: কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে বল ছুড়ে মারার ঘটনায় লিওনেল মেসির লাল কার্ড দেখা উচিত ছিল বলে মনে করেন দলটির প্রধান কোচ লরাঁ কুর্তোয়া। বাংলাদেশ সময় রোববার (২২ নভেম্বর) ভোরে নু স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। খবর ইএসপিএন-এর।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে বিতর্কিত ঘটনাটি। থ্রো-ইন নেয়ার সময় নির্ধারিত দূরত্বে সরে না দাঁড়ানোয় কলম্বাসের ফরোয়ার্ড গনসালো তাপিয়ার মুখ লক্ষ্য করে খুব কাছ থেকে বল ছুড়ে মারেন মেসি। এ ঘটনায় মেসি ও তাপিয়া; দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি অ্যালেন চ্যাপম্যান।
তবে কলম্বাস কোচের মতে, মেসির শাস্তি আরও কঠোর হওয়া উচিত ছিল। লাল কার্ড পেলে অন্তত পরের ম্যাচে নিষিদ্ধ থাকতে হতো আর্জেন্টাইন মহাতারকাকে।
ম্যাচ শেষে কুর্তোয়া বলেন, ‘সবাই জানে, এটি হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু ছিল।’
ঘটনাটি নিয়ে এমএলএসের পর্যালোচনা করা উচিত কি না, এমন প্রশ্নে পুরো বিষয়টিকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন কলম্বাস কোচ।
তবে এ নিয়ে বাড়তি বিতর্কে যেতে চাননি ঘটনার সঙ্গে জড়িত তাপিয়া। ম্যাচে কলম্বাসের হয়ে দুটি গোল করা এই ফরোয়ার্ড বলেন, ‘এটি ম্যাচেরই একটি ঘটনা। এটি লাল কার্ড কি না, আমি জানি না। এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার মতো রেফারি আমি নই। বিষয়টি এখানেই থাক।’
বিতর্কিত ঘটনা নিয়ে ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসও সতর্ক অবস্থান নিয়েছেন। তার মতে, রেফারি যেহেতু হলুদ কার্ড দেখিয়েছেন, তাই সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে। কার্ডের সিদ্ধান্তে খুব বেশি কিছু পরিবর্তন হয় না। আমরা রেফারিকে দোষ দিতে পারি না। কখনো তারা ভুল করেন, কখনো করেন না। আমাদের প্রত্যেকের পছন্দমতো সিদ্ধান্ত সব সময় আসে না। সেটি মেনে নিতে হবে।’
২০২৬ সালের এমএলএস কাপজয়ী ইন্টার মায়ামি এবার প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান অর্জন করে প্লে-অফে উঠলেও প্রথম ম্যাচেই কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরেছে তারা।
তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে শুক্রবার কলম্বাসের মাঠে জিততেই হবে মেসিদের। তা না হলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। জিততে পারলে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচ।
মায়ামির ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোও পরিস্থিতির গুরুত্ব স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘চাপ? অবশ্যই চাপ আছে। ইন্টার মায়ামি সব সময় জয়ের জন্য খেলে। আমরা জানি, পরের ম্যাচে হারলেই বিদায় নিতে হবে। এটাই চাপ।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। আমরা জানি, আরও ভালো খেলতে হবে। কারণ আমাদের সেই সামর্থ্য আছে। আমরা পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়েছিলাম। পরের ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়ে দিতে চাই।’
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি