হামের ভয়াবহ প্রকোপ, আরও ৮ শিশুর মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৭ শিশু।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। বাকি দুজনের একজন চট্টগ্রাম এবং অন্যজন খুলনা বিভাগের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে আক্রান্তের সংখ্যা ৫৯৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
একই সময়ে ঢাকা বিভাগে ৬১ জন, সিলেটে ৩২ জন এবং চট্টগ্রামে ৩০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯।
এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি