হবিগঞ্জে গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপে গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক ফয়সল মিয়া, মিজান গাজী ও মাহফুজ মিয়া। তারা সবাই চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।
পুলিশ জানায়, সকালে আকিজ ভেঞ্চার লিমিটেডের অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করছিল প্রকৌশলীসহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। এ সময় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় মিজান গাজী ও মাহফুজ মিয়া নামের দুজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন একজন ও পথিমধ্যে আরও একজনের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পরপরই আকিজ ভেঞ্চার লিমিটেডের নামে ওই কোম্পানিটির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাহুবল মডেল থানা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আটকে দেয়া হয় কোম্পানির ভেতরে যাওয়ার প্রবেশপথ।
অপরদিকে, নিহতদের মরদেহ উদ্ধারের পর সেগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি