হুথিরা খুবই খারাপ আচরণ করছে: ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবে হামলা বাড়ানোয় ইয়েমেনের হুথিদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোষ্ঠীটি ‘খুবই খারাপ আচরণ করছে’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত এখনো জানাননি।
হুথিদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘হুথিরা খুবই খারাপ আচরণ করছে। মোটেও ভালো নয়।’
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদির কয়েকটি বিমানবন্দরে একের পর এক হামলার পর এ মন্তব্য করলেন তিনি। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করবে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, খামিস মুশাইত বিমানঘাঁটির দিকে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এর আগে খামিস মুশাইতে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকতে সংক্ষিপ্ত সময়ের জন্য সতর্কবার্তা জারি করেছিল সৌদির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, জাতীয় স্বার্থ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে তার দেশ।
তার টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার অবসান ঘটানো দেশটির পররাষ্ট্রনীতির অগ্রাধিকার। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ জোরদার করাও এসব অগ্রাধিকারের অংশ।
গত সপ্তাহে আরাঘচি বলেছিলেন, ইরান আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসানে কূটনীতি ব্যবহারের বিষয়েও দেশটির কর্মকর্তারা আন্তরিক।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি