১০ জুন ২০২৬

জবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিশানায় নিষিদ্ধ ছাত্রলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৩০ পিএম
জবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিশানায় নিষিদ্ধ ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বাংলাপ্রেস ডেস্ক:   নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ভিসি ভবন, বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদল নেতাদের দাবি, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের চেষ্টা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার একটি অপচেষ্টা। ক্যাম্পাসে সন্ত্রাস ও অস্থিতিশীলতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানাতেই তারা এই বিক্ষোভ করেছেন।

সমাবেশে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার পরিবেশ সম্পন্ন ক্যাম্পাস। এখানে সন্ত্রাস ও অপসংস্কৃতির রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নেই।

সংগঠনের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের যে অপচেষ্টা হয়েছে, তা সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না। ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

বিক্ষোভ ও সমাবেশে জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মো. মুস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার আহমেদ, কে. এম. মাহমুদ হাসান, রবিউল আউয়াল, ইয়াকুব শেখ অনিক, শাখায়তুল ইসলাম খান পরাগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩নং ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার হাতে মানববন্ধনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ তবে ছবিতে দৃশ্যমান ব্যক্তিদের অঙ্গপ্রত্যঙ্গে অসংলগ্নতা পরিলক্ষিত হলে সন্দেহ সৃষ্টি হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৯ টায় মানববন্ধন কর্মসূচি পালনের দাবি করা হয়৷ তবে উপস্থিত প্রত্যক্ষদর্শী কেউই এ ধরনের সমাবেশ দেখেনি বলে জানান। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি