২২ মে ২০২৬

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:২৬ এএম
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদা অনুযায়ী সাজাতে বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


আজ বুধবার সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় মন্ত্রী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করা এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং বাজারমুখী কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে, যা দ্রুত দূর করতে হবে।


মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় না থেকে কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সৃজনশীল ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, গতানুগতিক কাজের বাইরে এসে নতুন উদ্যমে দ্রুতগতিতে কাজ করতে হবে। নিজ নিজ বিভাগ ও প্রকল্পের উন্নয়নমূলক প্রয়োজনগুলো কর্মকর্তাদের নিজেদেরই চিহ্নিত করতে হবে।

মন্ত্রী জানান, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক বা কেপিআই প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। গভীরতর পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে কারিগরি খাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় থেকেই দেশের মানবসম্পদ তৈরি হয় উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়, তবে এটিই হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।


তিনি বলেন, কারিগরি, ভকেশনাল এবং পলিটেকনিকসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি