ফেনী-১ আসন
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, বিকল্প প্রার্থী মুন্সি রফিকুল আলম
বাংলাপ্রেস ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া একটায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনু নিজেও মনোনয়নপত্র জমা দেন।
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবু তালেব, শাহানা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
মনোনয়ন জমা শেষে মুন্সি রফিকুল আলম বলেন,
“বিএনপির দলীয় প্রার্থী চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষেই আমরা কাজ করছি।”
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থী নির্ধারণ করে রাখা হয়েছে। তিনি বলেন,
“নেত্রী শেষ মুহূর্তে ভোটে অংশ নিতে না পারলে বিকল্প চিন্তা করা হবে। তবে তিনি মাঠে না থাকলেও তার পক্ষে প্রচার–প্রচারণা চলমান থাকবে।”
এর আগে গত ২১ ডিসেম্বর বিকেলে ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে দলের নেতারা।
ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, “ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মুন্সি রফিকুল আলম ওরফে মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন।”
ফেনী-১ আসনে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও গণমুক্তি জোটসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি