ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক:এমপিওভুক্ত যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান করা। ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ানোর বিষয়েও সরকার নজর রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার ক্ষেত্রে কোনও দুর্নীতি এবং পরীক্ষায় নকল চলবে না। অনেক শিক্ষক স্কুলে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। এ বিষয়ে সরকার নজর রাখছে। শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। যারা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে যোগ দেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমার দায়িত্ব শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করা। কিন্তু অনেক শিক্ষক দায়িত্ব পালন না করে মিছিল-মিটিংয়ে যোগ দেন উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
শিক্ষক নেতাদের যোগ্যতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষক নেতা তিনিই হবেন, যার সার্টিফিকেটে ভালো ফল থাকবে। নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না।
শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি