কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল
ছবি : রয়টার্স।
বাংলাপ্রেস ডেস্ক: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে এ চিত্র উঠে এসেছে। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব।
মধ্য আফ্রিকার দেশটিতে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের ধরনটি বিরল ‘বান্দিবুগিও’ প্রজাতির। এই ভাইরাসের চিকিৎসায় এখনো কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।
ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত মে মাসে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
রোগ শনাক্ত করতে দেরি হওয়া, চলমান সংঘাত এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে ভাইরাসটি আগের যেকোনো প্রাদুর্ভাবের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে।
কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে এই ভাইরাস ছড়িয়েছে। আক্রান্তদের অনেকের মৃত্যু হয়েছে হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই।
চলতি বছরের এই প্রাদুর্ভাব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ছড়িয়ে পড়া মহামারিতে ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
এদিকে গত সপ্তাহে নাইজেরিয়ায় ইবোলা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। দেশটি আফ্রিকার চতুর্থ দেশ হিসেবে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করেছে। এর ফলে ইবোলার সংক্রমণ পশ্চিম আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছে। এ ছাড়া পূর্ব আফ্রিকার কেনিয়া ও উগান্ডাতেও ইবোলা রোগী শনাক্ত হয়েছে।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্টুডেন্ট ভিসার নিয়মে পরিবর্তন আনছে যুক্তরাজ্য, কার্যকর নভেম্বর থেকে
সঙ্গীত একাডেমি