কর ছাড়ের সুবিধায় আয়কর রিটার্ন বেড়েছে ৭৭ শতাংশ
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: নির্ধারিত সময়ের আগে আয়কর রিটার্ন জমা দিলে কর ছাড়ের সরকারি প্রণোদনার মুখে চলতি ২০২৬-২৭ করবর্ষের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা ১২.৫৩ লাখে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৭ শতাংশ বেশি। কর ছাড়ের সুবিধা নিতেই আগে থেকে আয়কর রির্টান জমা দিচ্ছেন অনেকে।গত ২ আগস্ট এনবিআরের ঘোষিত এই প্রণোদনাভিত্তিক কাঠামোটি প্রথাগত নির্দিষ্ট সময়ের শেষসীমা থেকে সরে আসার এক নতুন পদক্ষেপ। নতুন এই ব্যবস্থার অধীনে যেসব ব্যক্তিশ্রেণির করদাতা ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিয়েছেন, তারা ৫ শতাংশ ছাড়ের যোগ্য হয়েছেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জমা পড়া রিটার্নে কোনো ছাড় বা প্রণোদনা মিলবে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, প্রায় ৩ লাখ করদাতা এই সুবিধা বা প্রণোদনা গ্রহণ করেছেন।
এই ব্যবস্থার আওতায় প্রদেয় করের ওপর সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ ছাড় পাওয়া যায়, যা কর পরিশোধের সময় সরাসরি মোট কর দায় থেকে সমন্বয় করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭.০৯ লাখ আয়কর রিটার্ন জমা হয়েছিল, যা চলতি বছরের একই সময়ে উল্লম্ফন করে ১২.৫৩ লাখে পৌঁছেছে।
তিনি জানান, সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিয়ে প্রায় ৩ লাখ করদাতা এই কর ছাড়ের সুবিধা ভোগ করেছেন।
অন্যদিকে বিলম্বিত আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে পর্যায়ক্রমে জরিমানার বিধান রাখা হয়েছে।
১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ২ শতাংশ বা ৩,০০০ টাকা (যেটি বেশি) জরিমানা গুণতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে জমা দিলে এই জরিমানার পরিমাণ বেড়ে প্রদেয় করের ৫ শতাংশ বা ৫,০০০ টাকা হবে।
ক্ষুদ্র করদাতাদের জন্য এই ছাড় স্পষ্ট উৎসাহ হিসেবে কাজ করেছে। মোহাম্মদ ইসমাইল নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী ৩০ সেপ্টেম্বর তার রিটার্ন জমা দিয়ে ২০ হাজার টাকা কর দায়ের বিপরীতে প্রায় ১ হাজার টাকা ছাড় পান।
তিনি বলেন, সরকার ছাড় ঘোষণা করায় আমি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে উৎসাহী হয়েছিলাম।
টাকার অংকটা ছোট হলেও বিষয়টি আমার জন্য আনন্দের ছিল।
বিপি> এস পি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
সঙ্গীত একাডেমি