ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য শিবিরের কুরবানির আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাককানইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজন করতে যাচ্ছে ‘কুরবানি উৎসব-২০২৬’। ঈদে বাড়ি না যাওয়া শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়েছে।
রোববার (২৪ মে) রাতে সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ত্যাগ, কুরবানি, তাকওয়া ও ভ্রাতৃত্বের মহান শিক্ষাকে ধারণ করে ঈদুল আজহার আনন্দ ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু কুরবানি করে শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে মাংস পৌঁছে দেওয়া হবে।
পাশাপাশি আয়োজনকে সুশৃঙ্খল ও কার্যকর করতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের আগামী ২৬ মের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন যুগান্তরকে বলেন, আমাদের কুরবানির আয়োজনটি ঈদের পরের দিন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও ঈদে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের জন্য কুরবানির ব্যবস্থা করা হয়েছে। যারা ঈদের সময় ক্যাম্পাসে অবস্থান করবে, তাদের কাছে কুরবানির মাংস পৌঁছে দিতে একটি গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, ক্যাম্পাসে দায়িত্ব পালনরত কর্মচারী, নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্ট সবার কাছেও কুরবানির মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন