লস অ্যাঞ্জেলেসের মূল ফোবানা সম্মেলনের দিকেই প্রবাসীদের চোখ
মূল ফোবানা সম্মেলনের দিকেই প্রবাসীদের চোখ
ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য চারটি ফোবানা সম্মেলনের মধ্যে প্রবাসীদের দৃষ্টি পড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলনে। কারণ এটিই হচ্ছে মূল ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টিরও বেশি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা প্রস্তুত হয়েছেন তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনার জন্য। ২৩টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শতশত শিল্পী ও কলা-কুশলীরা আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটে যাবেন লস অ্যাঞ্জেলেসে।
উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের আর মাত্র ৪ দিন বাকি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন মাইলফলক অর্জনের প্রচেষ্টায় এগিয়ে চলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। 'উত্তরণের পথে আগামীর প্রত্যয়ে প্রবাস বাংলাদেশ' শীর্ষক শ্লোগানে এবার বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনাসহ ব্যতিক্রমী সম্মেলনের আশা করছেন আয়োজকরা।
এবারের ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি গত শনিবার (২৯ আগষ্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন। এবারের সম্মেলনে থাকছে মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক দিক নিয়ে আলোচনা। স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে প্রতিরোধমূলক এবং চিকিৎসাগত দিক। প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব। ব্যবস্থাপনা, অর্থনীতি, উদ্যোক্তা, বাজার এবং অর্থনৈতিক নীতি। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি, পাঠদান, সৃজনশীল শিল্প, ডিজাইন, চলচ্চিত্র, মিডিয়া এবং সাহিত্য। ঐতিহ্য সংরক্ষণ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইয়থ ও নারী সংগঠনগুলোর বড় ধরনের পার্টিসিপেশন থাকবে।
কন্ঠশিল্পী নকিব খান ও রবি চৌধুরীর নেতৃত্বে একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, কাব্য জলসা, সাহিত্যালোচনা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা,তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, কারুপণ্য শিল্পের প্রদর্শনী ও বর্ণীল ফ্যাশন শো থাকছে এবারের সম্মেলনে।

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ৫/৭ হাজার প্রবাসী বাংলাদেশিরা এবারের লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদী।
৪০তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ক্যালিফোর্নিয়া অনেক দুরের যাত্রা হলেও ইতোমধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে রেকর্ড গড়েছে। প্রায় ৭০টিরো বেশি সংগঠন ইতোমধ্যে তালিকাভুক্তি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশগ্রহণকারী কলা-কুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন বলে আশা করছেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল ও সচিব খালেদ আহমেদ রউফ।
ফোবানার ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নাল আবেদীন জানান, আগামী লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির শতাধিককর্মীরা দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন, এবারের ফোবানাকে ইতিহাসে স্বাক্ষী বানাতেই এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার
নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
সঙ্গীত একাডেমি