মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ফল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকার কাজ করছে তুলে ধরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাল্টা ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুল্ক পরিশোধের পরও মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানের পর ‘দাম অনেকটাই কমেছে’ দাবি করে তিনি বলেন, রমজান বা অন্য কোনো উপলক্ষকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা বরদাশত করা হবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার স্থিতিশীল রাখতে ‘সারা বছর তদারকি চলবে’ বলেছেন খন্দকার মুক্তাদির।
নিত্যপণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে আমদানি ব্যয় কমানোর বিষয়ে তার ভাষ্য, ফলের প্রকৃত শুল্কহার ১২১ শতাংশ থেকে কমিয়ে ফল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে কাজ চলছে। খেজুরের শুল্ক কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে।
এছাড়াও ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংকঋণের সুদহার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভা হয়।
রমজানের প্রস্তুতি ও ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বলেন, ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ‘পাইপলাইনে’ রয়েছে। এসব পণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। রমজানসহ সারা বছর সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করা হচ্ছে।
সভায় ব্যবসায়ী নেতারাও রমজানে পর্যাপ্ত ভোগ্যপণ্য সরবরাহের আশ্বাস দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, সিসিসিআইয়ের সাবেক সভাপতি আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী ও আলী আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি এম এ সালাম, চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমান ও সাবেক পরিচালক এস এম আবু তাইয়ব।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের দাবি
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
সঙ্গীত একাডেমি