মালয়েশিয়ায় প্রবাসীদের মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, যাতে প্রবাসীরা প্রয়োজন অনুযায়ী দেশে ফিরতে পারেন।সেইসঙ্গে গত বছরের মে মাসের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বাংলাদেশি কর্মীদের স্বার্থের বিষয়টির পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান।
হাইকমিশনার জানান, এ বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি সভা করেছে এবং এ সংক্রান্ত আরেকটি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মালয়েশিয়া প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে করবে, যেন পরবর্তী ব্যাচের বাংলাদেশি শ্রমিকরা কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে আসিয়ানের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে গ্রহণ এবং পরবর্তীতে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য সমর্থনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সংকট সম্মেলনে আসিয়ানের সমর্থন চায় বাংলাদেশ, যা ২০২৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজ্যুলিউশন ৭৯/১৮২-এর আলোকে আহ্বান করবে।
গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া মালয়েশিয়ার নতুন হাইকমিশনারের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের যুবশক্তির সুবিধা নিতে বিনিয়োগ বাড়ানো এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করার বিষয়ে কাজ করুন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শমূলক বৈঠকে (বিসিএম) অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ ২০২৫ সালের মধ্যভাগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ‘৫ম যৌথ কমিশন’ বৈঠক আয়োজনের জন্যও প্রস্তুত বলে তিনি জানান।
এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি