মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিযোগীকে তিরস্কার, বেরিয়ে গেলেন অন্যরা
কৌশলী ইমা: থাইল্যান্ডে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মিস ইউনিভার্সের এক শীর্ষ নির্বাহীর তিরস্কারের শিকার হন মিস ইউনিভার্স মেক্সিকো ফাতিমা বোশ। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গেলে আন্তর্জাতিক বিতর্কের সৃষ্টি হয় এবং ক্ষোভে অন্যান্য প্রতিযোগীরাও অনুষ্ঠান থেকে বের হয়ে যান।
এই মাসের শেষ দিকে ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা থাইল্যান্ডে জড়ো হয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী ২ নভেম্বর তারা পৌঁছান এবং ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘স্যাশিং সেরিমনি’।
তাদের সূচির অংশ হিসেবে প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন থাইল্যান্ডের ব্যবসায়ী ও মিস ইউনিভার্স থাইল্যান্ডের জাতীয় পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল। ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল ফেসবুকে, যেখানে দেখা যায় ইৎসারাগ্রিসিল সরাসরি মেক্সিকোর প্রতিনিধি বোশকে লক্ষ্য করে কথা বলছেন এবং তাকে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ না নেওয়ার জন্য তিরস্কার করছেন।
তিনি বলেন, তোমাদের জাতীয় পরিচালক যা বলে, অন্ধভাবে অনুসরণ করলে সেটা নির্বুদ্ধিতা।
বোশ শান্তভাবে তার অবস্থান ব্যাখ্যা করতে গেলে ইৎসারাগ্রিসিল বিরক্ত হয়ে ওঠেন এবং তাকে থামিয়ে দেন। বলেন, আমি তোমাকে কথা বলার সুযোগ দিইনি। ভদ্রতা বজায় রাখো। আমি এখনো কথা বলছি, শুনো।

যখন বোশ বলেন, আপনি আমাকে একজন নারী হিসেবে সম্মান করছেন না, তখন ইৎসারাগ্রিসিল আরও উত্তেজিত হয়ে নিরাপত্তা ডাকার নির্দেশ দেন।
কক্ষে থাকা অন্য প্রতিযোগীরা ঘটনাটি দেখে বিস্মিত হয়ে ওঠেন এবং নিরাপত্তা ডাকার সময় বলেন, না। বোশ বলেন, আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি, আপনার সংগঠনের সঙ্গে সমস্যার দায় আমার নয়। এরপর অন্যান্য প্রতিযোগীরাও বোশের সঙ্গে কক্ষ ত্যাগ করেন, কিন্তু ইৎসারাগ্রিসিল তাদের বলেন, বসো, নইলে প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।
পরে বোশ এক সাক্ষাৎকারে বলেন, তিনি আমাকে ‘নির্বোধ’ বলেছেন শুধু তার সংগঠনের সঙ্গে ঝামেলা থাকার কারণে। আমি কাউকে অসম্মান করিনি। আমি কেবল ভালোভাবে প্রতিযোগিতা করতে চেয়েছি।
বোশ বলেন, আমরা সবাই শক্তিশালী ও স্বনির্ভর নারী। আমাদের কণ্ঠস্বর কেউ বন্ধ করতে পারবে না।
ঘটনার পর মিস ইউনিভার্স মেক্সিকো সংগঠন বোশের প্রতি সমর্থন জানিয়ে লিখেছে, মেক্সিকান নারীরা সবসময় উঠে দাঁড়ায়। আজ আমরা শুধু মেক্সিকোর জন্য নই, বরং বিশ্বের সব নারীর জন্য কথা বলছি, যারা সম্মান ও মর্যাদা প্রাপ্য।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মিস ইউনিভার্স সংগঠনের সভাপতি রাউল রোচা। তিনি বলেন, আমি কোনোভাবেই নারীর প্রতি অসম্মান বা অপমান সহ্য করব না। নাওয়াত প্রকৃত আতিথেয়তার মানে ভুলে গেছেন।
তিনি আরও বলেন, নাওয়াত প্রতিনিয়ত নিজেকে কেন্দ্রবিন্দু বানানোর চেষ্টা করেন। তাকে থামতে হবে বিশ্বের প্রতিটি নারী সম্মানের দাবিদার।
পরে ইৎসারাগ্রিসিল ফেসবুকে এক পোস্টে বলেন, তিনি মেক্সিকোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন।
মিস ইউনিভার্স সংগঠনও এক বিবৃতিতে জানায়, তারা সব অংশগ্রহণকারী, কর্মী এবং অংশীদারের প্রতি সম্মান, নিরাপত্তা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইৎসারাগ্রিসিল পরবর্তীতে ইনস্টাগ্রাম লাইভে বলেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা অস্বস্তি বোধ করে থাকে, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি ইতিমধ্যে ঘরে উপস্থিত ৭৫ জন প্রতিযোগীর কাছেও দুঃখ প্রকাশ করেছি।
তিনি দাবি করেন, তার বক্তব্য কিছু গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এই ঘটনার পর মিস ইউনিভার্স থাইল্যান্ড সংগঠন এবং মূল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ে যৌথ বৈঠক করেছে বলে জানা গেছে।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
সঙ্গীত একাডেমি