ম্যাটসের ১৯৩ শিক্ষার্থীর সনদ জটিলতা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ
বাংলাপ্রেস ডেস্ক: ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ভর্তি হওয়া ১৯৩ শিক্ষার্থীর পাসের সনদ দেওয়ার বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের গভর্নিং বডির ১৯২তম সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে বেলা আড়াইটায় রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কার্যালয়ে এ সভা হওয়ার কথা। সভার আলোচ্যসূচিতে অনিয়মের মাধ্যমে ভর্তি ও নিবন্ধন করা ১৯৩ শিক্ষার্থীর সনদ প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুমোদন, কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬, অনুষদের আইন চূড়ান্তকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
গত বছরের ১৮ ফেব্রুয়ারি ‘পরীক্ষায় না বসেই ১৯৩ শিক্ষার্থী ম্যাটসে ভর্তি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সমকাল। প্রতিবেদনে উঠে আসে, ট্রমা ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৩৩ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েই ভর্তি হন। ওই দুই শিক্ষাবর্ষে ট্রমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে যথাক্রমে ২৪ ও ২২ জন এবং শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে যথাক্রমে ৪১ ও ২২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা ছাড়াই অধ্যয়নরত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, তিনটি প্রতিষ্ঠানের মালিক রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সাবেক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইমরুল কায়েসের স্ত্রী তানজিনা খান।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি