২ অক্টোবর ২০২৬

নগর বাউল জেমসের জন্মদিন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম
নগর বাউল জেমসের জন্মদিন আজ

বাংলাপ্রেস ডেস্ক: দেশীয় রক সংগীতের অন্যতম তারকা শিল্পী ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমসের জন্মদিন আজ। সময়ের সঙ্গে বহু বছর পেরিয়েছে, সংগীতের ভাষায় পরিবর্তন এসেছে, এসেছে নতুন প্রজন্ম; এরপরও গিটার হাতে চিরচেনা ‘গুরু’র সুরেলা কণ্ঠের গানেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অজস্র শ্রোতা। আর জীবনের বিশেষ দিনটি উপলক্ষে খোলামেলা কথা বলেছেন এ ব্যান্ড তারকা।

জেমস জন্মদিনের ব্যাপারে বলেন, জন্মদিন একটাই, তুমি যেদিন জন্মেছ। তারপর এগুলো তো আর জন্মদিন নয়। যেদিন জন্মেছ, আর যেদিন মৃত্যু হবে সেদিন মৃত্যুদিন- দুইটাই আছে। আমি কোনো সমাজ বদল করার জন্য আসিনি। সমাজকে আনন্দ দেয়ার জন্য এসেছি। মানুষ তো বারবার জন্ম নেয় না। তাই বলব, জন্মদিন একটাই। আর আমি কোনো দিনই এভাবে বিশেষভাবে জন্মদিন উদযাপন করি না। এমনিতেই পরিবারের সঙ্গে থাকি, সময় কাটাই।

এ তারকা সংগীত ও সংস্কৃতির পরিবর্তন নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন। তার ভাষ্যমতে―অনেক আর্ট ফার্ম হারিয়ে গেছে। এর মধ্যে আবার কিছু আর্ট ফার্ম এখনো আছে, যেগুলো মানুষ প্যাশন থেকে, ভালোবাসা থেকেই ধরে রেখেছে।

তিনি বলেন, গান বানিয়েছে, মানুষ গান শুনবে, গাইবে। পথে-ঘাটে নিজের ইচ্ছামত গাইবে, নিজের মতো করে গাইবে। সংস্কৃতি হচ্ছে নদীর মতো, এটা বয়ে চলবে। বাধা দিলে বরং বাধাগ্রস্ত হবে। যে যার গান করে যাচ্ছে, করুক। আর গান তো বানানোই হয়েছে তা মানুষকে শোনানোর জন্য এবং গাওয়ার জন্য।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন মাহফুজ আনাম জেমস। নওগাঁয় জন্ম হলেও তার বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি তীব্র টান থেকে পরিবারের সঙ্গে মতবিরোধের একপর্যায়ে ঘর ছাড়েন। তারপর চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে তার সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। আর সেই অধ্যায় এখনো চলছে।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে ‘লেইস ফিতা লেইস’, ‘নগর বাউল’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘আমি তোমাদেরই লোক’ ও ‘কাল যমুনা’র মতো অ্যালবাম উপহার দিয়েছেন জেমস। জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘তারায় তারায়’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুস্মিতার সবুজ ওড়না’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দিদিমনি’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’ ও ‘এক নদী যমুনা’র মতো অসংখ্য গান।

এছাড়া বাংলাদেশি সিনেমায় প্লেব্যাক করেও খ্যাতি লাভ করেছেন জেমস। সংগীতে অবদানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দেশ ছাড়িয়ে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন। তার গাওয়া ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ গানগুলোও শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি