৯ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে আইসিই এজেন্টের গুলিতে আহত এক ব্যক্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
নিউ ইয়র্কে আইসিই এজেন্টের গুলিতে আহত এক ব্যক্তি

নিউ ইয়র্ক সিটিতে আইসিই-এর এক এজেন্টের গুলিতে এক ব্যক্তি আহত

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর এক এজেন্টের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) প্রথমে জানায়, বিকেল আনুমানিক ৪টার দিকে ব্রঙ্কসের মার্বেল হিল এলাকায় ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিউ ইয়র্ক সিটি পুলিশের কোনো সদস্য জড়িত ছিলেন না বলে স্পষ্ট করেছে এনওয়াইপিডি।

পরে সন্ধ্যা ৬টার দিকে কর্মকর্তারা সংবাদমাধ্যম নিউজ নেশনকে নিশ্চিত করেন, গুলিবর্ষণের ঘটনায় আইসিই এজেন্টরা জড়িত ছিলেন।

কর্মকর্তাদের দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি একজন অভিবাসী, যিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে আগে থেকেই অপরাধের রেকর্ড রয়েছে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, ওই ব্যক্তি আগে বড় ধরনের চুরির অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ ছাড়া হামলা, ডাকাতি, মাদকদ্রব্য রাখা এবং অস্ত্র রাখার অভিযোগে তাঁকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হলেও কয়েক দিন পর মুক্তি দেওয়া হয়।

ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনায় কতজন এজেন্ট অংশ নিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এনওয়াইপিডি জানিয়েছে, আহত ব্যক্তিকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আইসিইর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা মেয়র মামদানির

ঘটনার পর নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে আইসিইর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন।

মেয়র জানান, তিনি ইতোমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন এবং তাঁর সঙ্গে কথা হলে নিউইয়র্ক সিটিতে আইসিইর সব ধরনের অভিযান বন্ধ করার দাবি জানাবেন।

মামদানি লেখেন, ‘আমি প্রেসিডেন্টকে ফোন করেছি। তাঁর সঙ্গে কথা হলে আমাদের শহরে আইসিইর সব ধরনের অভিযান বন্ধ করার দাবি জানাব। আইসিই এজেন্টরা আমাদের কমিউনিটির মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে, আর আমি নীরবে তা মেনে নেব—এমনটি হতে পারে না।’

মেয়র আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলিবর্ষণের সময় আহত ব্যক্তি ও তাঁর পাঁচ বছর বয়সী সন্তান একটি গাড়ির ভেতরে ছিলেন। আইসিই এজেন্টরা গাড়িটি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শিশুটি অক্ষত রয়েছে বলে জানা গেছে।

স্বচ্ছ তদন্তের দাবি নিউইয়র্কের নেতাদের

নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিনও আইসিইর কথিত কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এই ঘটনায় ঠিক কী ঘটেছে, সে সম্পর্কে ফেডারেল কর্তৃপক্ষকে অবিলম্বে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ বিবরণ দিতে হবে।’

তিনি আরও বলেন, আইসিইর কর্মকাণ্ড নিউইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে ইতোমধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি করেছে। নতুন এই ঘটনা শহরের বিভিন্ন কমিউনিটিতে আরও উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, তাঁকে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি ঘটনার পরিস্থিতি ও কারণ সম্পর্কে পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের ফলাফল প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এদিকে মার্কিন সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার ঘটনাটিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।

শুমার বলেন, ডিএইচএসকে অবিলম্বে সংশ্লিষ্ট এজেন্টদের বডি ক্যামেরার সব ভিডিও প্রকাশ করতে হবে এবং একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘কয়েক মাস ধরে আমি সতর্ক করে আসছি যে আইসিইর ক্রমবর্ধমান আগ্রাসী কৌশল মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।’

টেক্সাসেও আইসিইর গুলিবর্ষণের ঘটনা

ব্রঙ্কসে আইসিই এজেন্টদের গুলিবর্ষণের ঘটনাটি ঘটল টেক্সাসের অস্টিনে একই ধরনের আরেকটি ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে।

অস্টিনে খাবার সরবরাহের কাজ করার সময় ২৮ বছর বয়সী এক ভেনেজুয়েলার নাগরিক আইসিই এজেন্টদের গুলিতে আহত হন। পরে তাঁর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়।

আইসিই বিলুপ্ত করার জন্য ডেমোক্র্যাটিক পার্টির কিছু নেতার দাবি অব্যাহত থাকলেও হোয়াইট হাউসের সীমান্তবিষয়ক প্রধান কর্মকর্তা টম হোম্যান সম্প্রতি জোর দিয়ে বলেছেন, আইসিই তাদের কার্যক্রম বন্ধ করছে না।

তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আইসিই কোথাও যাচ্ছে না।’

এদিকে ডিএইচএস জানিয়েছে, ব্রঙ্কসের গুলিবর্ষণের ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

সূত্র: দ্য হিল ও নিউজ নেশন।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি