নতুন বিমান চলাচল নিয়ন্ত্রণে কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দ চাইলেন ট্রাম্প
বিমান চলাচল নিয়ন্ত্রণে কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের সব ফ্লাইটের ওপর শুক্রবার দেশব্যাপী বিরল উড্ডয়ন নিষেধাজ্ঞা (গ্রাউন্ড স্টপ) জারির পর দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি এ আহ্বান জানান।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কংগ্রেস যদি বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করে, তাহলে আমরা দ্রুত ও দক্ষতার সঙ্গে নতুন ব্যবস্থা তৈরি করতে পারব। এটি হবে বিশ্বের সেরা বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা।’
তিনি আরও লেখেন, ‘আমাদের বর্তমান বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার বড় একটি অংশ প্রায় ৫০ বছরের পুরোনো, যা একেবারেই হাস্যকর! আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। তবে অল্প অল্প করে নয়, পুরো কাজ একসঙ্গে শেষ করা উচিত। কংগ্রেসকে অবশ্যই অর্থ বরাদ্দ অনুমোদন করতে হবে।’
এ সময় ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করে অভিযোগ করেন, তাদের কর্মকাণ্ডের কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন কয়েক বছর পিছিয়ে গেছে।
রোববার এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাইডেন প্রশাসনের সময় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কার্যক্রম ছিল বিপর্যয়কর। তারা যা কিছুতে হাত দিয়েছে, সবকিছুরই অবনতি হয়েছে। বিপুল অর্থ অপরিকল্পিতভাবে ব্যয় করে পুরোনো ও ত্রুটিপূর্ণ ব্যবস্থাকে আরও খারাপ অবস্থায় নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয় জ্ঞান ও পরিকল্পনা রয়েছে। এখন কংগ্রেসকে দ্রুত অর্থ বরাদ্দ দিতে হবে।’
শুক্রবার বিকেলে যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশব্যাপী সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রায় চার ঘণ্টা স্থায়ী এই নিষেধাজ্ঞার কারণে সারা দেশে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
এ ধরনের দেশব্যাপী নিষেধাজ্ঞা অত্যন্ত বিরল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এটি ছিল এ ধরনের তৃতীয় ঘটনা।
এ ঘটনার পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং কংগ্রেসের একাধিক আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, ‘আমাদের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত পুরোনো। দেশের প্রতিটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি ব্যবস্থায় আমরা আর জোড়াতালি দিয়ে সংস্কার করতে চাই না।’
এ সময় তিনি নতুন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে ৫০ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দের দাবি জানান।
ডাফি বলেন, ‘এবার আমাদের কাজটি সম্পূর্ণ করতে হবে। নতুন হার্ডওয়্যার, নতুন সফটওয়্যার এবং নতুন টেলিযোগাযোগব্যবস্থা প্রয়োজন।’
অন্যদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন শনিবার এ ঘটনায় তদন্তের দাবি নাকচ করে দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় আরও বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘এই ব্যবস্থার কিছু যন্ত্রপাতি আশির দশকের। সেগুলো অবশ্যই আধুনিকায়ন করতে হবে। এটি আমাদের দায়িত্ব। আমরা কাজটি সম্পন্ন করার উদ্যোগ নেব।’
তবে শুক্রবারের দেশব্যাপী ফ্লাইট বন্ধের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।
শনিবার সকালে পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, টেলিযোগাযোগ লাইনের একটি সুইচ পরিবর্তনের সঙ্গে এই বিপর্যয়ের সম্পর্ক থাকতে পারে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখন খতিয়ে দেখছি, এটি মানুষের ভুলের কারণে হয়েছে কি না। এলথ্রিহ্যারিস (L3Harris) প্রতিষ্ঠানের কর্মীদের ইনস্টলেশনজনিত ভুল ছিল, নাকি তারা ত্রুটিপূর্ণ রাউটার স্থাপন করেছিল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
এদিকে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন বিমানযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কা নাকচ করেছেন।
শুক্রবার বিকেলে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এটি আমাদের বিরুদ্ধে পরিকল্পিত কোনো ক্ষতিকর হামলা। আপাতত এটিকে টেলিযোগাযোগব্যবস্থার বিভ্রাট হিসেবেই দেখা হচ্ছে।’
অন্যদিকে, এফএএর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ‘স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অব এয়ারস্পেস, রুটস অ্যান্ড ট্রাজেক্টরিজ’ (স্মার্ট) চালুর সঙ্গে এই বিপর্যয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়।
তবে স্মার্ট প্রযুক্তির মালিক প্রতিষ্ঠান এয়ার স্পেস ইন্টেলিজেন্স (এএসআই) এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
শুক্রবার ফ্লাইট বন্ধ থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘বর্তমান গ্রাউন্ড স্টপের সঙ্গে স্মার্ট ব্যবস্থা, এএসআইয়ের কোনো প্রযুক্তি কিংবা এফএএ ও বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে আমাদের প্রযুক্তিগত সমন্বয়ের কোনো সম্পর্ক নেই।’
বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান পরিবহন অবকাঠামোর আধুনিকায়ন নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ট্রাম্প প্রশাসন দ্রুত অর্থ বরাদ্দের মাধ্যমে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিলেও দেশব্যাপী ফ্লাইট বন্ধের প্রকৃত কারণ নির্ধারণের বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে আদালতে আইনজীবীর চিঠি
নিউ ইয়র্কে নির্বাচন বন্ধে ৪ কোটি সাড়ে ৩২ লাখ টাকা গচ্ছা বাংলাদেশ সোসাইটির
নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির ২৫ অক্টোবরের নির্বাচনে আদালতের সাময়িক নিষেধাজ্ঞা
সঙ্গীত একাডেমি