১৬ জুলাই ২০২৬

নতুন পে-স্কেল: গেজেট নিয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম
নতুন পে-স্কেল: গেজেট নিয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাপ্রেস ডেস্ক:  সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি আরও দুই থেকে তিনটি সভা শেষে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবম জাতীয় বেতন কমিশনের বিভিন্ন সুপারিশ পর্যালোচনার পাশাপাশি অষ্টম বেতনকাঠামোর বিভিন্ন সীমাবদ্ধতা ও ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অংশ নেওয়া পর্যালোচনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমে জানান, নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যেন কোনো ধরনের অসন্তোষ বা বৈষম্যের অভিযোগ না ওঠে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ কারণে প্রতিটি সুপারিশ খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, ২০১৫ সালের অষ্টম বেতনকাঠামো বাস্তবায়নের পর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়েও তখন স্পষ্ট নির্দেশনা ছিল না। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আরও সতর্কতার সঙ্গে কাজ করছে কমিটি।

পর্যালোচনা কমিটির সূত্র জানায়, সদস্যরা নীতিগতভাবে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত না করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।

কমিটিতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ সদস্য।

এ ছাড়া বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়েছে। তবে মূল বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। পরে নতুন সরকার গত ৮ ফেব্রুয়ারি কমিশনের সুপারিশ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করে।

কমিটির সদস্যদের মতে, সরকারি চাকরিজীবীরা এক দশকের বেশি সময় ধরে অষ্টম বেতনকাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। তাই নতুন বেতনকাঠামো দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি