অবসর ও কল্যাণ ভাতার টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অপেক্ষা শেষ হতে চলেছে। শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯ জন এবং কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ৪৭৭ জন শিক্ষক-কর্মচারী অর্থ পাবেন। সব মিলিয়ে প্রথম ধাপে প্রায় ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচির আওতায় আসছেন। এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অর্থ দেওয়ার পরিকল্পনা থাকলেও, আবেদনকারীর সংখ্যা বাড়ায় পরে তা ১ লাখ ২৩ হাজার করা হয়।
এ কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা প্রাপ্য অর্থ না পেয়ে চরম কষ্টে ছিলেন। তাদের দুর্ভোগ লাঘব করতেই সরকার এ বিশেষ উদ্যোগ নিয়েছে।এবার প্রথমবারের মতো ‘আইবাস’ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। ফলে দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর মাধ্যমে অর্থ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অবসর সুবিধা হিসেবে শিক্ষক-কর্মচারীরা প্রথম ধাপে প্রায় সাড়ে ৪ লাখ টাকা করে পাবেন। পর্যায়ক্রমে তাদের বাকি পাওনা পরিশোধ করা হবে।
অবসর সুবিধার ক্ষেত্রে ৬ শতাংশ চাঁদা জমার ভিত্তিতে একজন শিক্ষক-কর্মচারী সর্বোচ্চ প্রায় ৫ লাখ টাকা পেতে পারে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর, একযোগে মিলছে অবসর-কল্যাণের টাকা
সঙ্গীত একাডেমি