অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
হাসনাত আবদুল্লাহ
বাংলাপ্রেস ডেস্ক : যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে তাকে গাড়ির ভেতর থেকে মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শন করতে দেখা যায়।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠান শেষে ভেন্যু ত্যাগ করার সময় সেখানে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় গাড়িতে থাকা অবস্থায় তার মধ্যমা প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষের দাবি, এটি ছিল রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিবাদ বা প্রতীকী প্রতিরোধের বহিঃপ্রকাশ। অন্যদিকে সমালোচকরা বলছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তির কাছ থেকে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক শালীনতার পরিপন্থী বলে মন্তব্য করছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটি বা ঘটনার বিষয়ে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিপি/এসআর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: জামায়াত আমির
সঙ্গীত একাডেমি