অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক
বাংলাপ্রেস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীর আন্ডারওয়্যারের (অন্তর্বাস) ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আজ শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে।
সিআইআইডি এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ নম্বর ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক থামিম আনসারিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শনাক্ত করেন সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।
পরে তার দেহ তল্লাশি চালিয়ে অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন ৪৫৫ গ্রাম পাওয়া গেছে। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। সিআইআইডির প্রাথমিক হিসাবে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
সিআইআইডি আরও জানিয়েছে, এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশপাশি পাশাপাশি যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলতে থাকবে বলেও সতর্ক করেছে সিআইআইডি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সরকার-ব্যবসায়ীদের প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
র্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়,তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা
বিনিয়োগ সন্ধানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ প্রতিষ্ঠানের প্রতিনিধি আসছে: মাহ্দী আমিন
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি