ওমানে গাড়ির ভেতর মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের আপন চার ভাই, নেপথ্যে কী
বাংলাপ্রেস ডেস্ক: ওমানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গাড়ির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
টাইমস অব ওমানের বরাতে জানা যায়, বুধবার রাতে দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের আল-মাসনা এলাকায় একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি চলমান অবস্থায় ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দাররাজা পাড়ার প্রয়াত মোহাম্মদ হাসানের চার ছেলে—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। তারা দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুজন অবিবাহিত ছিলেন এবং ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। কেনাকাটার উদ্দেশ্যে তারা একসঙ্গে বের হয়েছিলেন। পরে ফেরার পথে গাড়ির ভেতরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসীদের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় তারা বারকা এলাকা থেকে মুলাদাহর দিকে রওনা দেন। রাতের দিকে একজন আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে তারা অসুস্থতার কথা জানান এবং গাড়ি থেকে বের হওয়ার অবস্থায় না থাকার বিষয়টি উল্লেখ করেন।
ঘটনার পর স্থানীয়রা গাড়ির ভেতর চারজনকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইন ওমানের তথ্য অনুযায়ী, নিহতদের বয়স ছিল ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ঘটনায় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ঝুঁকি নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ওমান পুলিশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি