১৭ অক্টোবর ২০২৬

পকেটে মোবাইল রাখলে শুক্রাণুর ক্ষতি হয় কি? গবেষণায় যা জানা গেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম
পকেটে মোবাইল রাখলে শুক্রাণুর ক্ষতি হয় কি? গবেষণায় যা জানা গেল

বাংলাপ্রেস ডেস্ক:  মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখার অভ্যাস পুরুষের প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। খবর টাইমস অব ইন্ডিয়া

বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও বৈজ্ঞানিক গবেষণার ফলাফল এখনো পুরোপুরি একমুখী নয়।

তবে কিছু গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি বিকিরণ শুক্রাণুর গতিশীলতা ও জীবিত থাকার সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডেম হেলথের প্রতিষ্ঠাতা এবং রিনিউ হেলথকেয়ারের স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব আগরওয়ালের মতে, এ বিষয়ে আতঙ্ক ছড়ানো কিংবা একেবারে উড়িয়ে দেওয়া, কোনোটিই ঠিক নয়। বরং গবেষণার ফলাফল ও সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বিষয়টি বোঝা প্রয়োজন।

বিভিন্ন গবেষণার সমন্বিত বিশ্লেষণে মোবাইল ফোনের রেডিওফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের (আরএফ-ইএমআর) সংস্পর্শের সঙ্গে শুক্রাণুর গতিশীলতা ও জীবিত থাকার সক্ষমতা কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

এর মধ্যে ১৮টি গবেষণা ও ৪ হাজারের বেশি বীর্যের নমুনা নিয়ে করা একটি বিশ্লেষণও রয়েছে। তবে শুক্রাণুর মোট সংখ্যা বা ঘনত্বের ওপর এর প্রভাব নিয়ে গবেষণার ফলাফল তুলনামূলকভাবে অসংগতিপূর্ণ। বেশ কয়েকটি গবেষণায় মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে শুক্রাণুর সংখ্যার স্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

ডা. আগরওয়ালের ভাষ্য অনুযায়ী, গবেষণায় শুক্রাণুর গতিশীলতা ও জীবিত থাকার সক্ষমতার ক্ষেত্রে তুলনামূলকভাবে ধারাবাহিক কিছু প্রভাবের ইঙ্গিত মিলেছে।

কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি ততটা নিশ্চিত নয়।

কিছু গবেষণায় প্যান্টের সামনের পকেটে মোবাইল রাখার ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব বেশি দেখা গেছে। কারণ, এ অবস্থায় ফোনটি অণ্ডকোষের কাছাকাছি থাকে।

শারীরিক ক্ষতির বিষয়ে গবেষকরা সম্ভাব্য দুটি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। প্রথমত, মোবাইল ফোনের রেডিওফ্রিকোয়েন্সি বিকিরণ শুক্রাণুর কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে।

এতে কোষের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয়ত, ফোন থেকে সৃষ্ট সামান্য তাপও একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, স্বাভাবিকভাবে শুক্রাণু উৎপাদনের জন্য অণ্ডকোষের তাপমাত্রা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রার তুলনায় কিছুটা কম থাকা প্রয়োজন।

তবে এসব সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে গবেষণা থাকলেও মোবাইল ফোন পকেটে রাখলেই বন্ধ্যত্ব হবে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনো নেই।

ডা. আগরওয়াল একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। মোবাইল ফোনের বিকিরণ নিয়ে উদ্বেগজনক অনেক ফলাফল এসেছে পরীক্ষাগারে শুক্রাণুর নমুনা পরীক্ষা কিংবা মানুষের অভ্যাসের ওপর পরিচালিত জরিপ থেকে।

অন্যদিকে, সন্তান নেওয়ার চেষ্টা করছেন এমন দম্পতিদের অনুসরণ করে করা একটি সুপরিকল্পিত গবেষণায় প্যান্টের পকেটে মোবাইল রাখার অভ্যাসের সঙ্গে বীর্যের গুণমান কিংবা গর্ভধারণে সময় লাগার স্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি।

এ কারণে চিকিৎসকের মতে, মোবাইল ফোনের বিকিরণকে সম্ভাব্য ঝুঁকির একটি কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে একে বন্ধ্যত্বের প্রমাণিত কারণ বলা যাবে না।

শুক্রাণুর স্বাস্থ্যের সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেসের সম্পর্ক তুলনামূলকভাবে বেশি প্রতিষ্ঠিত। এ বিষয়ে ডা. আগরওয়াল কোএনজাইম কিউ১০ (CoQ10)-এর কথা উল্লেখ করেছেন। কিছু নিয়ন্ত্রিত গবেষণায় এ সম্পূরক গ্রহণের ফলে অক্সিডেটিভ স্ট্রেসের সূচক কমা এবং শুক্রাণুর গতিশীলতার উন্নতি দেখা গেছে।

এ ছাড়া জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই ও লাইকোপিন নিয়েও গবেষণা রয়েছে। এসব উপাদান শুক্রাণুর বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে কিছু গবেষণায় দেখা গেছে। তবে সবার জন্য এসব সম্পূরক গ্রহণ প্রয়োজনীয় নয়; চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করা উচিত।

ডা. আগরওয়ালের পরামর্শ, দীর্ঘ সময় ফোন ব্যবহার করার সময় কিংবা রাতে চার্জে দেওয়ার ক্ষেত্রে ফোন প্যান্টের সামনের পকেটের বাইরে রাখলে ক্ষতির আশঙ্কা কমানোর একটি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। এতে বিশেষ কোনো অসুবিধাও নেই।

তবে শুক্রাণুর সংখ্যা কম পাওয়া গেলেই মোবাইল ফোনকে দায়ী করা উচিত নয়। এর পেছনে অন্যান্য স্বাস্থ্যগত কারণও থাকতে পারে। তাই শুক্রাণুর সংখ্যা বা গুণগত মান নিয়ে সমস্যা দেখা দিলে নিজে থেকে কারণ নির্ধারণ না করে চিকিৎসকের মাধ্যমে যথাযথ পরীক্ষা ও মূল্যায়ন করানো জরুরি।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি