প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাপ্রেস ডেস্ক:বাংলাদেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রায় ২ কোটি ৬০ লাখ শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
শনিবার (৭ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ শীর্ষক কর্মসূচির আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এর লক্ষ্য শিশুদের বয়স ও শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানো। পাশাপাশি সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও সহায়তা করবে এটি।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশই বয়সোপযোগী সহজ পাঠ বুঝতে পারে না। এ পরিস্থিতি মোকাবিলায় শ্রেণিকক্ষে উন্নত পাঠদান সামগ্রী, কাঠামোবদ্ধ পাঠ পরিকল্পনা ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
কর্মসূচির আওতায় প্রায় ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বাড়তি শিখন সহায়তার পাশাপাশি শিক্ষায় পিছিয়ে থাকা জেলাগুলোতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম কর্মীবাহিনী গড়ার অন্যতম ভিত্তি। নতুন অর্থায়ন শিশুদের শেখার দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ে ধরে রাখতে সহায়তা করবে।
বিশ্বব্যাংকের এ ঋণ দিচ্ছে সংস্থাটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। ২৫ বছর মেয়াদি এ ঋণের ক্ষেত্রে বাংলাদেশ পাঁচ বছরের গ্রেস পিরিয়ড বা ছাড়ের সুবিধা পাবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি