প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আনুষ্ঠানিকভাবে তাকে শপথবাক্য পাঠ করান।
এদিন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ অন্যান্য হুইপবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন (ইসি)। তারও আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
উল্লেখ্য, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পাঠ করান। এদিন শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনার দেশে ফেরার বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া
সঙ্গীত একাডেমি