প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের
বাংলাপ্রেস ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগমুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়।
এরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, সাতমসজিদ রোড, বাংলা কলেজ ও খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লোকমান হোসেন বলেন, 'পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলনকারীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং সিগনালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন।'
তিনি জানান, আসাদগেট থেকে ধানমন্ডিগামী সড়কে যান চলাচল সচল রয়েছে। তবে ধানমন্ডি থেকে আসাদগেটমুখী সড়কে অবস্থান নিয়েছেন পরীক্ষার্থীরা।
এদিকে সড়কে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের 'প্রশ্ন ফাঁস হলো কেন, প্রশাসন জবাব চাই'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরীক্ষার্থীদের ভোগান্তি
পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার চাকরিপ্রার্থী নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হওয়ার পর কোনো পূর্বঘোষণা ছাড়াই পরীক্ষা স্থগিত করায় ভোগান্তিতে পড়েন তারা।
রাজধানীর মাদারটেকের এ আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ঈমান মোল্লা টিবিএসকে বলেন, 'আমরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসার পর পরিদর্শক এসে জানান, পরীক্ষা নেওয়া হবে না। কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে।'
পরীক্ষা স্থগিতের কারণ জানতে চাইলে তিনি বলেন, 'কেন্দ্র থেকে কোনো কারণ জানানো হয়নি। তবে আমরা শুনছি, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে।'
ঈমান মোল্লা ফরিদপুর থেকে পরীক্ষায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন।
একই কেন্দ্রের আরেক পরীক্ষার্থী মো. তামিম জানান, তাদের কেন্দ্রেও একইভাবে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
পরীক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ৩০০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এসব পদে সারা দেশ থেকে লক্ষাধিক চাকরিপ্রার্থী আবেদন করেন।
কোনো পূর্বঘোষণা ছাড়াই পরীক্ষা স্থগিত করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
জানা গেছে, রাজধানীর কয়েকটি কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এদিকে পরীক্ষা স্থগিতের কারণ জানতে নিয়োগ কমিটির সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
পরে নিয়োগ কমিটির সদস্যসচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহ্দী আমিন
আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট : ত্রাণমন্ত্রী
সঙ্গীত একাডেমি