রাজধানীতে বোমা সাদৃশ্য বস্তুসহ যুবক গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিওর যৌথ অভিযানে বোমা সাদৃশ্য বস্তুসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি এবং এটিওর (অ্যান্টি টেরোরিজম অফিসার) একটি বিশেষ দল ওই এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে মো. জুয়েল ভুঞা (২৬) নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে কালো কস্টিপ দিয়ে মোড়ানো অনুমান ৬ ইঞ্চি লম্বা ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল ভুঞা নরসিংদী জেলার শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী (২৪) নামের আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। তিনি নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ও আটকদের ডেমরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।
ডেমরা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সঙ্গীত একাডেমি