৩ এপ্রিল ২০২৬

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, একদিনে ৭ জেলায় সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ এএম
রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, একদিনে ৭ জেলায় সমাবেশ

 

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার শুরু করতে আজ রাতে সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সফরের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে।

নির্বাচনী প্রচারের দিন তথা আগামীকাল বৃহস্পতিবার একদিনে সাত জেলায় সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। আজ দুপুরে গুলশানে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।

দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সেখান থেকে যাত্রাপথে বিএনপি চেয়ারম্যান নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশ করবেন। পরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে অথবা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশ শেষে গভীর রাতে গুলশানে বাসভবনে ফিরবেন তিনি।

 

মাহদী আমিন আরও বলেন, ‘তারেক রহমানের সফর ঘিরে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগসহ অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন ত্যাগী, সংগ্রামী তরুণ নেতা।

মাহদী আমিন জানান, নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি