সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা।আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা। এ সময় বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে গিয়ে লিখিত আবেদন দিয়েছেন।
এর আগে আজ সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। তাদের চারজন প্রতিনিধি বেলা আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন। পরে বেলা সোয়া ৩টার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। নিয়োগের দাবিতে তারা সচিবালয়ের সামনে মানববন্ধনও করেন।
এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে গেজেটভুক্তদের যাচাই–বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় দফার যাচাই–বাছাইয়ে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। তারাই এখন নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে, যাতে অংশ নিতে বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জনের জমা পড়েছিল। আর পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশ নেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি