শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে আসার কথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে—এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "প্রথম কথা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না, সেটা আপনারা কীভাবে জানবেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি।"
তিনি আরও বলেন, "দ্বিতীয়ত হলো—একজন ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চান, সেখানে তাঁর সারেন্ডারের আগেই হয়তো তিনি গ্রেপ্তার হবেন। কিন্তু তাঁর সেই অধিকার তো আছে।"
আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, "এলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে তো আমাদের... আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদের ক্ষমতা দিয়েছে, আমরা সেই ক্ষমতা প্রয়োগ করব।"
শেখ হাসিনার কাছে পাসপোর্ট নেই, তিনি কীভাবে দেশে আসবেন—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "তিনি কীভাবে আসবেন, এটা তাঁর সমস্যা; আমার সমস্যা না। আমাদের সীমানায় বা চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি সেই আইনের প্রয়োগটা করব। বিষয়টি একেবারে স্পষ্ট।"
আইনগত সহায়তা প্রদান বিষয়ক এই অনুষ্ঠানে তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সরকার খতিয়ে দেখবে। এছাড়া বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত করা হবে এবং তাঁর পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।
সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হলে মো. আসাদুজ্জামান বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানে ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।"
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি