সেনাপ্রধানের অনুরোধ: ভোট দিন নির্ভয়ে
বাংলাপ্রেস ডেস্ক: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন। ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জাতির জীবনে আজকের দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
সেনাপ্রধান বলেন, “আজকের দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের পরিবেশ অনুকূল এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমি সবাইকে অনুরোধ করবো, বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং আপনার ভোট প্রদান করুন। ইনশাল্লাহ, আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো।”
তিনি গণমাধ্যমকর্মীদের ভূমিকাকেও বিশেষভাবে উল্লেখ করে বলেন, “যারা ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়ার মানুষরা, আপনি জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরছেন। এতে মানুষ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহিত হচ্ছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ দেশের ২৯৯টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু