
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ ও যৌক্তিক কোনো দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।
শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিআরটিসি বাসে ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]