সৈয়দপুরে ফেসবুকে শেখ হাসিনার ফেরার পোস্ট,শেয়ার করলেন পিআইও অফিসের জয়নুল
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি: সৈয়দপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহায়ক জয়নুল আবেদীন জয়নুলের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে,জয়নুল আবেদীন জয়নুল তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘নেত্রী ফিরবে ডিসেম্বরে, উৎসব হবে দেশজুড়ে’ শিরোনামে মোজাফফর হোসেন নামের একটি ফেসবুক আইডির পোস্ট শেয়ার করেন।একজন সরকারি কর্মচারীর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের রাজনৈতিক পোস্ট শেয়ার করা সরকারি কর্মচারীদের আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না,তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে জয়নুল আবেদীন জয়নুল সাংবাদিকদের জানান,তাঁর এলাকার একজন বিএনপি নেতাকে পোস্টটি পাঠাতে গিয়ে ভুলবশত নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়ে গেছে।সাংবাদিকদের সামনে তিনি বিষয়টি স্বীকার করেন এবং পরে শেয়ার করা পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল মাবুদ বলেন,বিষয়টি আগে জানতাম না , আপনার মাধ্যমে জানতে পারলাম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন,একজন সরকারি কর্মচারীর চাকরিবিধি অনুযায়ী ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ধরনের রাজনৈতিক পোস্ট শেয়ার করা অপরাধ।বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়ে সংশ্লিষ্ট কর্মচারীর কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য বলা হবে।অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
সঙ্গীত একাডেমি