সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ছাড়াল ১০ লাখ টন
বাংলাপ্রেস ডেস্ক: দেশের সরকারি গুদামগুলোতে বর্তমানে চাল, গম ও ধান মিলিয়ে ফ্লোটিং মজুদসহ ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ টন খাদ্যশস্য মজুদ রয়েছে, যা নিরাপদ খাদ্য মজুদের নির্ধারিত সীমার চেয়ে প্রায় ১০ লাখ ২৪ হাজার টন বেশি। খাদ্য মন্ত্রণালয় বলছে, এ মজুদ দেশের খাদ্য নিরাপত্তাকে আরো শক্তিশালী ভিত্তি দেবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত সরকারি গুদামে ১৯ লাখ ৬০ হাজার ৭৪৬ টন চাল, ২ লাখ ৯৫ হাজার ৬৮৯ টন গম এবং ১ লাখ ৬৮ হাজার ৬০৫ টন ধান মজুদ রয়েছে। ধানকে চালে রূপান্তরের হিসাব এবং ৮ হাজার ৭৩৫ টন ফ্লোটিং চালসহ মোট মজুদ দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ টন।
সাধারণত দেশে নিরাপদ খাদ্য মজুদের সর্বনিম্ন পরিমাণ ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার টন। তবে বর্ধিত জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ বিবেচনায় বর্তমান সরকার নিরাপদ খাদ্য মজুদের নতুন লক্ষ্যমাত্রা ১৬ লাখ টনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সরকারি খাদ্য সংরক্ষণ সক্ষমতা (ক্যাপাসিটি) বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে সংরক্ষণ সক্ষমতা ২৪ লাখ টন থেকে বাড়িয়ে ২৭ লাখ টনে উন্নীত করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এটি ৩৪ লাখ টনে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে গত ২৩ জুলাই পর্যন্ত মোট ১৩ লাখ ৬৫ হাজার ৪৩১ টন ধান ও চাল সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৪৯৮ টন ধান, ৯ লাখ ৮৯ হাজার ৪২০ টন সেদ্ধ চাল এবং ৭৬ হাজার ৮১৪ টন আতপ চাল। একই সময়ে ৫২৩ টন গমও সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৩ লাখ ২০ হাজার ৮০০ টন খাদ্যশস্য দেশে আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে চাল ও গম মিলিয়ে ১১ লাখ ৬৫ হাজার টন এবং বেসরকারি পর্যায়ে ৩ লাখ ৯ হাজার ১৫০ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এ সময়ে খাদ্য সহায়তা হিসেবে কোনো আমদানির প্রয়োজন হয়নি।
খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কৃষক ও চালকল মালিকদের সহযোগিতা এবং মন্ত্রণালয়ের সমন্বিত ব্যবস্থাপনার ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ সম্ভব হয়েছে।
তিনি বলেন, সরকারি গুদামগুলোতে চাল ও গমের পর্যাপ্ত ও নিরাপদ মজুদ রয়েছে। এ মজুদ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় খাদ্যশস্যের মজুদ ও সংরক্ষণ সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিতের পাশাপাশি সেগুলোর সঠিক সংরক্ষণ ও গুণগতমান বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষকদের কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান ও চাল সংগ্রহ এবং সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলে সেফ হোমে, কাল নেওয়া হবে ঢাকায়
গান গাওয়াকে অন্যায় মনে করি না, কেউ মানুক বা না মানুক: শিক্ষা প্রতিমন্ত্রী
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি