শুক্রবার ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
বাংলাপ্রেস ডেস্ক: জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোটের ভেতরে চলমান রাজনৈতিক সমঝোতা, বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও নিজেদের সার্বিক অবস্থান স্পষ্ট করতে শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, ইসলামপন্থী দলগুলোর ঐক্য, একবক্স নীতির অগ্রগতি, আসন সমঝোতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দলের সুস্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একবক্স নীতির ভিত্তিতে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। তিনি স্বীকার করেন, চলমান আলোচনা প্রক্রিয়ায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। বিষয়টি নিয়ে বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চলছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জাতিকে জানানো হবে।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়েই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ওই সংবাদ সম্মেলনে জোটভুক্ত বাকি দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করার ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আসন সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি আরও বলেন, কয়েকটি আসন নিয়ে এখনও জটিলতা রয়েছে। সেসব আসনের বিষয়ে আলোচনা ও প্রত্যাহারের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ওই সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটভুক্ত বাকি ১০ দলের নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই মূলত আসন সমঝোতার খসড়া চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি