তেল-বিদ্যুতের দাম বাড়ায় বিক্ষোভে বাংলাদেশ জামায়াতে ইসলামী
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর
বাংলাপ্রেস ডেস্ক: দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে মিছিল বের করা হয়।
সমাবেশে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিবহণ ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে; ফলে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম ও মিজানুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ করেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি